নারায়নগঞ্জ-গাজীপুর থেকে সাভার-আশুলিয়া, মিরপুর থেকে উত্তরা, সমগ্র ঢাকা থেকে চট্টগ্রাম—সারাদেশে আজকের বিশাল গার্মেন্টস শিল্পটি সম্পূর্ণরূপে দাঁড়িয়ে আছে আমাদের ক্লান্ত হাতের ওপর। আমরা প্রতিদিন অসংখ্য পোশাক তৈরি করছি, যা রপ্তানি হচ্ছে নিউইয়র্ক, লন্ডন কিংবা প্যারিসের অভিজাত শোরুমগুলোতে। অথচ যে হাতগুলো এই পোশাক তৈরি করল, সেই হাতেই লেগে আছে অপুষ্টির ছাপ, আর তারা জোগাড় করতে পারে না দু'মুঠো ভাত। কারখানার মালিক আর ব্র্যান্ডের অধিপতিরা লুটে নিচ্ছেন লক্ষ লক্ষ ডলার মুনাফা, আর আমরা পাই এমন মজুরি, যা মাস শেষ হওয়ার আগেই আমাদের ঋণের খাতা ভারী করে তোলে।
ভোরের আজান থেকে গভীর রাত পর্যন্ত কারখানা নামক জেলখানায় আমরা তিলে তিলে নিজেদের জীবন পুড়িয়ে শেষ করছি। আমাদের পকেটে থাকে শূন্য হাত এবং ফুসফুসে জমে থাকে কারখানার বিষাক্ত তুলা কিংবা কয়লার ধুলো। কোথাও আমাদের মানবিক মর্যাদা বা সাম্যের লেশমাত্র নেই। আমাদের রক্ত-মাংসের বিনিময়ে তৈরী হয় এসি রুমে বসে থাকা মালিকদের ও নেতাদের আরামদায়ক জীবন। আমাদের ছোট্ট ঘরের রেশনের চালের হিসাব আর গুলশান বা ধানমন্ডির ঝলমলে আভিজাত্য একই মুদ্রার এপিঠ-ওপিঠ। একটির অন্ধকার ছাড়া অন্যটির আলো কখনোই জ্বলতে পারে না। আমাদের যতবেশি ঠকানো হয়, মালিকদের ততবেশি মুনাফা জমে। আমাদের কতবেশি ঠকানো হয়েছে তা শহরের বিলাসবহুল ভবনের দিকে তাকালেই বোঝা যায়।
আমাদের দিকে তাকানোর সময় কার আছে?
সরকার, মালিক, বিরোধীদল এবং মিডিয়া আমাদের সামনে উন্নয়নের এক মোহনীয় বিভ্রম ঝুলিয়ে রাখে। তারা আমাদের জন্য এমন এক মায়াবী জগৎ তৈরি করে, যেখানে একজন দরিদ্র শ্রমিকের সন্তানকেও স্বপ্ন দেখানো হয় যে কঠোর পরিশ্রম একদিন তাকে ধনী করে তুলবে। অথচ এই উৎপাদন প্রক্রিয়ার আসল চরিত্র কী? এটি এমন এক দানবীয় ব্যবস্থা, যা কেবল মুনাফা চেনে, মানুষের মুক্তি নয়। কারখানার প্রতিটি সাইরেন যখন বেজে ওঠে, তা কেবল কাজ শুরুর ঘোষণা দেয় না; এটি আমাদের জীবনের আরও একটি হারিয়ে যাওয়া দিনের সংকেত দেয়। আমাদের শ্রম শুষে নিলে শেষপর্যন্ত আমরা যখন ক্লান্ত হয়ে পড়ি তখন আমাদেরকে মেয়াদউত্তীর্ণ পণ্যের মতো ছুড়ে ফেলে দেওয়া হয়। চাকরিকালীন সময়ে আমাদের মজুরি এত কম দেওয়া হয় যাতে আমরা জমাতে না পারি, আর ক্ষুধার টানে প্রতিদিন কাজ করতে বাধ্য হই। তাই এই সমাজে গরীব সারাজীবন গরীবই থাকে। অতএব, পরিশ্রমের মাধ্যমে ধনী হওয়ার গালগল্প আসলে আমাদের শ্রমকে শুষে নেওয়ার একটি মনস্তাত্ত্বিক প্রতারণা ছাড়া আর কিছু নয়।
সংবিধানের পাতায় বড় বড় অক্ষরে শ্রমিকদের অধিকারের কথা লেখা থাকলেও, রাজপথে পা রাখলেই জোটে পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেলের গ্যাস আর রাবার বুলেট। আদালত বছরের পর বছর মালিকদের পক্ষে রায় ঝুলিয়ে রাখে, আর শ্রমিকেরা ন্যায্য দাবি করলেই “রাষ্ট্রবিরোধী” বা “নৈরাজ্যবাদী” বলে তকমা দিয়ে সাথে সাথে দমন করা হয়। পুলিশ বাহিনী কারখানার গেট পাহারা দেয় যাতে কোনো শ্রমিক মালিকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারে; আইন তৈরি করা হয় ছাঁটাই প্রক্রিয়া সহজ করার জন্য, আর শ্রমিক আন্দোলনকে অবৈধ ঘোষণা করার জন্য। সরকার ও প্রশাসন, যারা নিজেকে নিরপেক্ষ অভিভাবক বলে দাবি করে, তা আসলে পুঁজিপতিদের এক বিশ্বস্ত প্রহরী। আইন, আদালত, পুলিশ, প্রশাসন—সবকিছুরই একটিমাত্র লক্ষ্য: আমাদের নিরলস শ্রমকে শোষণ করা। যখনই আমরা ন্যায্য পাওনার দাবিতে রাজপথে নামি, তখনই রাষ্ট্রের আসল চেহারা উন্মোচিত হয়ে পড়ে। সরকার ও প্রশাসন জনগণের অবিভাবক হিসেবে প্রচলিত ধারণাটি একটি গুজব, যা সরকার ও রাজনীতিবিদেরা আমাদেরকে শোষণ করার জন্য ছড়িয়েছে। তাই এখন এই গভীর বৈষম্যমূলক ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে আজ প্রশ্ন তোলার সময় এসেছে।
বিভাজনের চোরাগলি
পুঁজিপতিরা খুব ভালো করেই জানেন যে সংখ্যায় তাঁরা অত্যন্ত নগণ্য, আর আমরা—মেহনতি জনতা—অসংখ্য। আমরা সবাই যদি এক হয়ে গেলে, তবে তাঁদের প্রাসাদের একটি ইটও অবশিষ্ট থাকবে না। তাই তাঁরা আমাদের মধ্যে নানা ধরনের কৃত্রিম বিরোধ তৈরি করে রাখেন। তাঁরা আমাদের বিভক্ত করেন—বাংলাদেশ, ভারত, এশিয়া, আফ্রিকা কিংবা ইউরোপ—জাতীয় সীমানা আর দূরত্ব আসলে আমাদের ঐক্য ভেঙে দেওয়ার সুপরিকল্পিত ষড়যন্ত্র। বাংলাদেশের শ্রমিকদের বোঝানো হয় যে ভারত আমাদের শোষক এবং বাংলাদেশে কম মজুরির জন্য তারাই দায়ী; আবার উন্নত দেশের শ্রমিকদের ভয় দেখানো হয় যে উন্নয়নশীল দেশ থেকে আসা অভিবাসী শ্রমিকেরা তাঁদের কাজ কেড়ে নিচ্ছে। এভাবেই বিশ্বজুড়ে শ্রমিকদের একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দিতে জাতীয়তাবাদের বিষ ছড়িয়ে দেওয়া হয়।
এর পাশাপাশি তৈরি করা হয় সংস্কৃতির প্রাচীর, বজায় রাখা হয় ধর্মীয় বিভেদ এবং জিইয়ে রাখা হয় অসচেতনতার দুর্ভেদ্য অন্ধকার। ধর্ম, জাতি ও ভাষার নামে সংঘাত উসকে দিয়ে পুঁজিপতিরা পর্দার আড়ালে মুনাফার উৎসবে মেতে ওঠেন। যখন একজন মুসলিম শ্রমিক এবং একজন হিন্দু শ্রমিক ধর্মীয় উন্মাদনায় একে অপরের রক্ত ঝরান, তখন কারখানার মালিক বসে বসে কারখানার উৎপাদন বৃদ্ধির শতকরা হিসাব কষেন। যতদিন এই বিভাজনের রাজনীতি টিকে থাকবে, ততদিন আমাদের ভাগ্য পরিবর্তন হবে না। তাই সর্বাগ্রে আমরা রাষ্ট্র ও রাজনৈতিক দলের মোহ থেকে মুক্ত হয়ে স্বাধীন শ্রমিক একতা গড়ে তুলতে হবে। কাঁপন ধরিয়ে দিতে হবে শোষকদের ও তাদের রক্ষীদের।
বিকল্প পদ্ধতির জন্য ঐক্যবদ্ধ হন
খেয়াল করুন, পুঁজিবাদ হলো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা শোষণের এক সর্বগ্রাসী জাল। সমাজের উৎপাদন ও বণ্টন ব্যবস্থা কোনো মধ্যস্বত্বভোগী, পুঁজিপতি বা রাষ্ট্রীয় আমলা ছাড়াই সম্পূর্ণরূপে শ্রমিকদের দ্বারাই পরিচালিত হওয়া উচিত। এই কারণে পুঁজিপতিরা যখন আমাদের ‘বাংলাদেশ ওয়ার্কার্স এসোসিয়েশন’কে নৈরাজ্যবাদী বলে তকমা দেন, আমরা তা আমরা গর্বের সাথেই গ্রহণ করি। শোষণের বিরোধিতা করাকে যদি নৈরাজ্য বলা হয়, তবে সচেতন মানুষেরা অবশ্যই নিজেদের নৈরাজ্যবাদী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। স্পষ্টভাবেই, আমরা একটি রাষ্ট্রহীন, পুঁজিহীন, স্বাধীন শ্রমজীবী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই এই কথাগুলো বলি। আমরা মনে করি, কোনো রাজনৈতিক দল বা রাষ্ট্রক্ষমতার হাতবদল আমাদের মুক্তি আনতে পারে না। সংসদীয় গণতন্ত্র বা সমাজতন্ত্রের সাইনবোর্ড লাগিয়ে যাঁরা ক্ষমতার লোভে আমাদের কাঁধে চড়ে বসেন, দিনশেষে তাঁরাও এই শোষণের যন্ত্রটিকেই সচল রাখার চেষ্টা করেন। অধিকন্তু, সংসদীয় রাজনীতি এক ধরনের প্রহসন, যেখানে প্রতি পাঁচ বছর অন্তর আমাদের ভোট সংগ্রহ করা হয় কেবল আমাদের ভাগ্যের চাকাটি অন্য কোনো শোষকের হাতে তুলে দেওয়ার জন্য। সরকার বদলায়, মন্ত্রী বদলায়, গাড়িবহর বদলায়, কিন্তু কারখানার মেঝেতে ঘাম ঝরার হার এক ফোঁটাও কমে না।
রাষ্ট্র কখনোই নিজ থেকে শ্রমিকের কল্যাণ চায় না, কারণ রাষ্ট্রের অস্তিত্বই নির্ভর করে শোষণের ওপর। তাই আমাদের সংগ্রাম কেবল মজুরি বৃদ্ধির সংকীর্ণ লড়াইয়ে সীমাবদ্ধ নয়, কিংবা কোনো নির্দিষ্ট কারখানা মালিকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দায়মুক্তির ভান করাও নয়—আমাদের সংগ্রাম হলো পুরো উৎপাদন ব্যবস্থার শিকড় আলগা করে দেওয়া এবং শোষণের চাকা থামিয়ে দেওয়া। তাই বিকল্প হল, শ্রমিকদের স্বাধীন সংগঠন গড়ে তুলে শক্তিশালী শ্রমিক আন্দোলন গড়ে তোলা এবং আপাতত যতটা সম্ভব আমাদের শ্রমের মূল্য পুনরুদ্ধার করা উচিৎ। একটি নির্ধারক শক্তিতে পরিণত হওয়ার পর সমিতির মাধ্যমে পরিচালিত অর্থনৈতিক ব্যাবস্থায় প্রত্যেকে তার সামর্থ্য অনুযায়ী উৎপাদন করতে এবং প্রত্যেকে তার প্রয়োজন অনুযায়ী ব্যাবহার করবে। আমাদের আহবানটি এমনই।
শেষপর্যন্ত জয় আমাদের
পুঁজিপতিরা নিজেদের যতই সর্বেসর্বা মনে করুন না কেন, তাঁদের পুঁজি এবং কাঁচামাল কেবল তখনই মূল্যবান হয়ে ওঠে যখন আমরা তা স্পর্শ করি। আমরা যখন সুইচ টিপে কারখানা চালু করি, তখন শোষণের চাকা ঘুরতে থাকে। কিন্তু আমরা যখন তা বন্ধ করে দিই, যখন সমস্ত চাকার গতি থমকে দাঁড়ায়, তখন শোষণের মূল ভিত্তি কেঁপে ওঠে। আমাদের আসল শক্তি উৎপাদনের মধ্যে নিহিত নয়, বরং উৎপাদন স্তব্ধ করে দেওয়ার ক্ষমতার মধ্যে নিহিত। যেদিন আমরা গাজীপুর থেকে আশুলিয়া, এশিয়া থেকে আফ্রিকা, মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ পর্যন্ত সমস্ত কারখানার বেল্ট থামিয়ে দেবো, সেদিনই প্রমাণিত হবে যে আমরা কেবল দাস নই—আমরাই এই সমাজের প্রকৃত নির্মাতা, এবং এর ধ্বংসকারীও বটে। সেদিন কোনো পুলিশ বা সেনাবাহিনী আমাদের থামাতে পারবে না, কারণ যখন একটি গোটা সমাজের চাকা থমকে দাঁড়ায়, তখন দমন-পীড়নের হাতিয়ারগুলোও ভোঁতা হয়ে যায়। ইতিমধ্যেই সারাবিশ্বে ব্যাপক প্রতিরোধ সংগ্রামের খবর আমরা পেয়েছি।
আজকাল যেসব ট্রেড ইউনিয়ন দেখা যায়, তার অধিকাংশই রাজনৈতিক দলের দালালে পরিণত হয়েছে। নির্বাচনের সময় শ্রমিকদের ভোট জোগাড় করা এবং মালিকপক্ষের সাথে গোপনে আঁতাত করে প্রতিবাদ দমিয়ে রাখাই এই নামসর্বস্ব ইউনিয়নগুলোর কাজ। এই দালাল ইউনিয়নগুলোকে বর্জন করতে হবে। এমন স্বাধীন কমিটি গঠন করতে হবে, যেখানে প্রতিটি শ্রমিকের স্বাধীনতা ও স্বার্থ থাকবে। যে মুহূর্তে শ্রমিকেরা নিজেদের পায়ে দাঁড়াবেন, রাষ্ট্র ও পুঁজিপতিদের যৌথ ষড়যন্ত্র আপনা-আপনিই চুরমার হয়ে যাবে। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস—পুঁজিপতিদের দাসত্বের শৃঙ্খল ভাঙার সংকল্পই হোক আমাদের আজকের ব্রত।
তাই চলুন, কোনো নেতার দয়া বা করুণার অপেক্ষায় বসে না থেকে আমাদের ঐক্য আমাদের নিজেরাই গড়ে তুলি। পারষ্পরিক সম্মতিতে একতাবদ্ধ হন, আলোচনা করুন, একটি ফান্ড গঠন করুন যাতে আহতদের পাশে দাঁড়ানো যায়। যেদিন উৎপাদনের মালিকানা যখন উৎপাদকের হাতে ফিরে আসবে, কেবল তখনই এই দীর্ঘমেয়াদী ঐতিহাসিক বঞ্চনার অবসান ঘটবে। এমন এক সমাজ, যেখানে কোনো শোষক থাকবে না এবং কোনো শোষিতও থাকবে না; যেখানে শ্রম হবে জবরদস্তির হাতিয়ারের বদলে মানুষের সৃজনশীলতার বহিঃপ্রকাশ—সেই সমাজ গড়ে তোলাই আমাদের দায়িত্ব। শৃঙ্খল ভাঙার সময় এখনই।
লেখক : কাজী তানভীর হোসেন
বাংলাদেশী লেখক, কলামিস্ট ও সাংবাদিক